শ্যামা কাহন-৫
শ্যামা মেয়েটির কথা মনে পড়ে কি?
মহাকাল পদ্মার চরে -
গড়ে উঠা গুড়িপাড়া।
সে ষাটের দশকের কথা।
এরপর মুক্তিযুদ্ধ, মেয়েটির
বেড়ে উঠার গল্প।
স্বাধীন দেশের বৃহত্তম গনিকালয়ে
ঠাঁই নেওয়ার বাস্তবতা!
মনে পড়ে, মন্টু মামার কথা
দেহাতি জ্যাক অব অল ট্রেডের
চৌকস সেই মানুষটি!
তার করিৎকর্মা কনিষ্ঠ পুত্র
ঝন্টু শেখ, ষষ্ঠীতলার কলেজ মোড়ে
জিএস ডি ক্যাফে!
কিংবা রমা খোনকার!
কাজল চোখের শ্যামলা
মেয়েটি! খোকসা বাসুদেবপুর
মিঠু খোনকারের মেয়ে!
ঘাপটিমারা নিয়তির বিধান
এভাবেই প্রত্যাবর্তন করে।
কি জানি কি হোল -
এক ঝটকা হাওয়ায়
প্রকৃতির বিষাক্ত ফণা
মেয়েটির গৃহসুখ কেড়ে নিল।
মিঠু খন্দকারের প্রয়ান হয়েছে
বছর দুই হোল।
নিকাম্মা মামার দখলে
এখন খোনকার বাড়ি।
সেখানেও ঠাঁই হোল না
মিঠুর আদুরে দুলালীর।
ওদিকে মা তার গৃহকোণে
পড়ে থাকা পরবাসী যেন।
আর পঞ্চবটির খাঁ বাড়ি!
নানা-নানীর দেহত্যাগে সব শেষ।
স্বামী পরিত্যাক্তা আভাগী মেয়েটি!
পাড়ার মুরুব্বী সাজু খানের
বন্ধু চুনি চৌধুরীর এনজিওতে-
রমার একটা হিল্লে হয় শেষে।
কিন্তু নিয়তির লিখন
সেটা খন্ডাবে কে!
সমাজের ঘাপটি মারা বিষাক্ত কাঁটা
আজ রমার বাস্তবতায় বিঁধতে চায়,
সুরা সাকিতে আসক্ত চুনির
নজরে প’ড়ে রমা আজ অন্ধকারে!
নিজেকে হাতড়িয়ে ফিরছে - যেন
কৈশরে দেখা সেই কাল ছায়ার থাবা।
ভরা যৌবনের ঢেউয়ে উন্মাতাল
মেয়েটিকে বিচলিত করে বৈকি!
শনিবার ছুটির আমেজ,ঝন্টুর ক্যাফে
নিভু আলোয় হালকা কোলাহল,
হঠাৎ এক মৃদু হাওয়ার ঝড় -
আঠাশ পেরোনো শীর্ণকায় মলিন
এক যুবক তার সামনে-
ঝন্টুর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।
শ্যামার গঞ্জিকাসেবী ছোট ছেলে
সব হারিয়ে তার ছোটবোন রমার
খোঁজে পঞ্চবটি হয়ে এখানে ।
তছনচ উলোট করা খবর বটে!
দমকা হাওয়ায় ঝন্টুর গৃহে এমন
আগুনের ফুলকি - অনুমিতই ছিল।
দারোয়ানী বাড়ির আঙ্গিনায় আগুনের
তাপদাহ, দুমড়ে মুষড়ে একাকার।
মেয়েটির বাম চোখের ফড়কানি
তাকে সত্যিই গৃহচ্যুত করলো।
আসমান ছোয়া স্বপ্নের নাগরদোলায়
গোল পৃথিবীর ভুগোল ঘেঁটে
গৃহচ্যুত রমা ফের আঁতুড় ঘরের
আদিমতার খোয়াড়ে বন্দি হোল।
শ্যামা রমারা চক্রব্যুহের বেড়া ভেঙ্গে
বেরোতে চাইলেও, নিয়তির লিখন
তাদের কপালে অঙ্কিত বলিরেখা
মুছে দিতে পারে কি?
ছয় দশক আগে রামপুর বোয়ালিয়ার
গুড়িপাড়ায় ঠাঁই নেয়া নৌকাভাসি মেয়েটি,
চুয়াত্তরের মনন্তরে গোয়ালন্দ ঘাটে
আদিমতার খোয়াড়ে পেটের তাগিদ।
মাতৃ বৃত্তে ফিরে এসে মেয়েটিও-
ঠাঁই নিল শিউলি মাসির আদিম খোয়াড়ে।
রিক্যাপঃ শ্যামা কাহন-১ম পর্ব
মেয়ে তুমি কর কি!
-গতর খাটাই!
সে আবার কি!
-কেন জানো না
মেয়েদের আছে তো ওটাই।
বন্ধু ভেবেই বল!
-আমাদের আবার বন্ধু!
এক-আধ ঘন্টার মেহমান
তারপর নতুন কেউ
গতরটা যতক্ষন আছে।





