avertisements 2

বিড়ালের পায়ে ২৯ আঙুল, ভাঙল ২৪ বছরের রেকর্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ আগস্ট, বুধবার,২০২৬ | আপডেট: ০৭:৫৭ পিএম, ২৬ আগস্ট, বুধবার,২০২৬

Text

সাধারণত একটি বিড়ালের চার পায়ে মোট ১৮টি আঙুল থাকে। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এমন এক বিড়ালের সন্ধান মিলেছে, যার চার পায়ে রয়েছে ২৯টি আঙুল। বিরল এই বৈশিষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিড়ালটি।

মেইন কুন জাতের পুরুষ বিড়ালটির নাম ‘ইরেবাস অ্যানোমালি’। এর মালিক মার্কিন দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর ইরেবাসের ২৯টি আঙুল থাকার বিষয়টি নিশ্চিত করেছে।


অতিরিক্ত ১১টি আঙুলের কারণে ইরেবাসের থাবা সাধারণ বিড়ালের তুলনায় বেশ বড় ও আলাদা দেখতে। তবে এত বেশি আঙুল থাকা সত্ত্বেও তার হাঁটাচলা বা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে না।

জন্মগতভাবে অতিরিক্ত আঙুল থাকার এই বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘পলিড্যাক্টাইলি’ বলা হয়। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এ ধরনের বৈশিষ্ট্য দেখা গেলেও ২৯টি আঙুলের ঘটনা বিরল।


এর আগে ২০০২ সালে কানাডার ‘জেক’ নামের একটি বিড়াল ২৮টি আঙুল নিয়ে রেকর্ডটি গড়েছিল। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘টোবি’ নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়। এবার ইরেবাস ২৯টি আঙুল নিয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নিয়েছে।

ইরেবাসের মালিক দম্পতি মেইন কুন জাতের বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের প্রতিষ্ঠান ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। তারা জানান, জন্মের পরপরই ইরেবাসের পায়ের গঠন দেখে তাদের মনে হয়েছিল, বিড়ালটি হয়তো আগের রেকর্ড ভেঙে দিতে পারে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত সেই ধারণাই সত্য হয়েছে।

আরও পড়ুন

avertisements 2