রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
টাঙ্গাইলের সখিপুরে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে যাওয়া প্রবাসফেরত সেই অসুস্থ প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন। ছবি : এনটিভি
অসুস্থ হওয়ায় রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে যাওয়া সেই হতভাগা জামাল উদ্দিন আর নেই। আজ সোমবার (১ ৭ আগস্ট) দুপুর ৩টা ১৫ মিনিটে টাঙ্গাইলে সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় তার ভাতিজির বাড়িতে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজি জামাই শাহ আলম।
ভাতিজি জামাই শাহ আলম জানান, অসুস্থ হওয়ায় স্ত্রী-সন্তানরা ফেলে রেখে যাওয়ার পর তাকে আমার বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও করানো হয়েছে। গত শুক্রবার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আজ দুপুর ৩টা ১৫ মিনিটে তিনি মারা যান
এর আগে গত ২ আগস্ট রাতে সখিপুর উপজেলার কালমেঘা এলাকায় জামাল উদ্দিনকে ফেলে রেখে যায় স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা। তিনি ওই এলাকার ফজর আলীর ছেলে।
জামাল উদ্দিন দীর্ঘ ২৫ বছর আগে নিজ বাড়ি ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাশবাড়ি দক্ষিণ পাড়া ইয়ার উদ্দিন মোড় এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন ১২ বছর। উপার্জিত সব অর্থই স্ত্রীর কাছে পাঠিয়েছেন। কয়েক বছর আগে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হলে আট মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা ও দেখভাল নিয়ে পরিবারে অবহেলার অভিযোগ ওঠে।
যদিও ওই সময় স্ত্রী রিনা আক্তার দাবি করেছিলেন তিনি তার স্বামীকে কয়েক মাস আগে ডিভোর্স দিয়েছেন। রাতে ফেলে যাওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেছিলেন।





