avertisements 2

রাষ্ট্রদ্রোহ মামলা: সাবেক দুই সেনা কর্মকর্তা ফের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০৪:২৪ এএম, ১১ নভেম্বর, বুধবার,২০২৬

Text

রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল (৪৭)।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বকর জাগো নিউজকে আদালতের এ আদেশের তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে তাদের জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ১২ অক্টোবর গ্রেফতারের পর দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ওই সময় জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য ও উদ্ধার করা আলামত বিশ্লেষণে নিষিদ্ধ সংগঠনের নেতাদের পাশাপাশি কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিবেশী দেশের কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সহযোগীদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ পরিচালনা করে সরকারবিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এসব গ্রুপের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা আলামতের কিছু অসংগতি এবং রহস্যজনক তথ্যের বিষয়ে বিস্তারিত জানতে আসামিদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এ মামলায় অবসরপ্রাপ্ত মেজর ড. খন্দকার আব্দুল হাফিজ (৫৬) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে দুই আসামিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করাও প্রয়োজন।

মামলার বিবরণে জানা যায়, গত ১১ অক্টোবর গভীর রাতে পল্লবীতে নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দিবাগত রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে বিজয় দেবাশীষ নারায়ণ পালকে গ্রেফতার করা হয়। পরদিন ১২ অক্টোবর আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছিল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2