এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর, মারধর ও জমি দখলের মামলা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম ওরফে টমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করেন স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। মামলায় আবদুল হালিমকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর থানায় মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা কৃষক ইদ্রিস আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাই মাহফুজুর রহমান ও মনজুর মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কেনেন ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম।
এজাহারে অভিযোগ করা হয়, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আবদুল হালিম ও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় আবদুল হালিমের নির্দেশে সহযোগীরা বাড়ির বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়।
অভিযোগে আরও বলা হয়, ইদ্রিস আলী ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হন তারা। এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে জমির আশপাশে গেলে পরিবারের সদস্যদের হত্যা ও গুমের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে ইদ্রিস আলী আরও অভিযোগ করেন, ঘটনার পর আবদুল হালিম তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, আবদুল হালিম ও তার মেয়ে নুসরাত তাবাসসুম জ্যোতি জমিটি দখলে নিয়েছেন। প্রাণনাশের আশঙ্কায় তিনি পরিবারসহ এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলেও এজাহারে উল্লেখ করেছেন।
এজাহারে আরও বলা হয়, ১২ নভেম্বর এমপি নূসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন (হামলার ঘটনায়) মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন ইদ্রিস আলী।
এ বিষয়ে ইদ্রিস আলীর সঙ্গে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ আছে কি না, জানতে চাইলে নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম কালবেলাকে বলেন, ‘তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ঝামেলা ছিল না। তবে আমার বাড়ির পেছনে পৌনে চার শতক জমি তিনি কিনেছিলেন। ওই জমি রেজিস্ট্রির ক্ষেত্রে ভুল ছিল। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি অন্য জায়গা দখল করেছিলেন। জমিটি তিনি আমার ভাইয়ের কাছ থেকে কিনেছিলেন। কিন্তু এক জায়গায় জমি কিনে দখল নিয়েছিলেন অন্য জায়গায়। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য ছিল না।
‘২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ওই জায়গা থেকে পালিয়ে যান। তখন আমরা পরিবারের সবাই ঢাকায় থাকতাম। পরে তারা গ্রাম থেকে পালিয়ে যান। এর বেশি কিছু নয়। পরবর্তী সময়ে তারা রাতে গোপনে এসে আমার বাড়ির ফসল কাটতে শুরু করেন এবং আমার কেয়ারটেকারকে নানা ধরনের হুমকি-ধমকি দেন। ওই সময় আমার কেয়ারটেকার মামলা করলে তিনি গ্রেপ্তারও হন। ঘটনাটি ২০২৫ সালের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ের। পরে তিনি জামিনে বের হন। এরপর ওই মামলার কী হয়েছে, তা আমার জানা নেই।
ইদ্রিস আলী ও তার স্ত্রীকে আবদুল হালিমের নেতৃত্বে লোকজন লোকজন মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমন অভিযোগে মামলা করেন ইদ্রিস আলী। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত করতে হবে কথার সত্যতা কতটুকু। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি এলাকায় আসেননি। বাড়ি থেকে পালিয়ে গেছেন। ফ্যাসিস্ট হিসেবে তিনি পালিয়েছিলেন।





