avertisements 2

ফাঁসির কিছুক্ষণ আগে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,শনিবার,২০২৬ | আপডেট: ০৬:৩৯ পিএম, ২০ জুন,শনিবার,২০২৬

Text

সংগৃহীত ছবি

সন্তান হারানোর অসহনীয় শোক বুকে নিয়েও ছেলের খুনিকে ক্ষমা করে বিরল মানবিকতার নজির স্থাপন করেছেন সৌদি আরবের এক বাবা। ফাঁসি কার্যকরের মাত্র ১৫ ঘণ্টা আগে নিহতের বাবা শেখ ইয়াহিয়া বিন কানস আল-বুশরি কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই ঘাতককে নিঃশর্ত ক্ষমা করে দেন।


সম্প্রতি ঘটনার একটি আবেগঘন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, নিহত যুবকের নাম বন্দর এবং অভিযুক্তের নাম ইয়াসের।


একসময় আর্থিকভাবে বেশ সচ্ছল হলেও বর্তমানে সাধারণ জীবনযাপন করেন শেখ ইয়াহিয়া। তবে অর্থ নয়, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধকেই প্রাধান্য দিয়েছেন তিনি।
ঘাতককে ক্ষমা করার বিনিময়ে প্রস্তাবিত লাখ লাখ রিয়ালের ‘ব্লাড মানি’ বা রক্তপণ গ্রহণের সুযোগ থাকলেও তা প্রত্যাখ্যান করেন তিনি। শেখ ইয়াহিয়া জানান, কেবল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ক্ষমার বার্তাটি পৌঁছে দিতে তিনি নিজেই ইয়াসেরের মায়ের বাড়িতে যান। সেখানে তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। ছেলের জীবন রক্ষা পাওয়ার খবর শুনে কৃতজ্ঞতায় আপ্লুত ইয়াসেরের মা শেখ ইয়াহিয়ার পায়ে চুমু খেতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে নিবৃত্ত করেন। পরে স্নেহ ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে ওই মায়ের কপালে চুম্বন করে সান্ত্বনা দেন।

খবর পেয়ে ইয়াসেরের ভাইয়েরাও সেখানে ছুটে আসেন। কান্নায় ভেঙে পড়া স্বজনদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন শেখ ইয়াহিয়া।

নিজের সন্তানকে হারানোর গভীর বেদনা বুকে ধারণ করেও একজন মানুষের প্রতি এমন ক্ষমাশীলতা ও উদারতার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। অনেকেই এটিকে মানবতা, সহমর্মিতা ও ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করছেন।

বিষয়: ক্ষমা ফাঁসি

আরও পড়ুন

avertisements 2