বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
বাংলাদেশিদের জন্য ভারতে ট্যুরিস্ট ভিসা সুবিধা আবার চালু করার ঘোষণা দিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ বৃহস্পতিবার ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
দিনেশ ত্রিবেদী বলেন, ‘আবারও সাধারণ ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী ২৮ জুন থেকে ভিসা আবেদন জমা দেওয়া যাবে। মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা প্রদানও চলতে থাকবে।’
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা থেকে এই ভিসা দেওয়া হবে। পরবর্তী সময়ে এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
ত্রিবেদী বলেন, ‘আশা করি এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। হাইকমিশনার হিসেবে আমি প্রথম এই কাজটি করলাম। আমি অনেক খুশি। আশা করি, এখানকার সাধারণ মানুষও খুশি হবেন।’
মাঝে মাঝে ভিসা সেন্টারে এসে সাধারণ মানুষের কথা শুনবেন, গণমাধ্যমকর্মীদের পরামর্শ নেবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।
সম্প্রতি দিনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান।
আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।





