রামেক হাসপাতাল
হামে মারা গেছে এক শিশু, আরো ২৯ মৃত্যুতে হাম সন্দেহ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মার্চ,সোমবার,২০২৬ | আপডেট: ০৫:৩০ এএম, ৩১ মার্চ,মঙ্গলবার,২০২৬
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাম সংক্রমণে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালটিতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে যার কারণ হিসেবে হাম সংক্রমণকে সন্দেহ করা হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালের শিশু বিভাগের প্রধান শাহিদা ইয়াসমিন। তিনি আরো জানান, গত জানুয়ারি থেকে হাম আক্রান্ত ২৭০ শিশুকে ভর্তি করা হয়।
এর মধ্যে পরীক্ষা শেষে ৩৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া যায়। মারা যাওয়া শিশুদের মধ্যে ছয়-নয় মাস পর্যন্ত বয়সী। এর মধ্যে ৬০ ভাগ আক্রান্ত হচ্ছে ছয় মাসের মধ্যে।
এদিকে রামেক হাসপাতালে আশঙ্কাজনক হারে শিশু মৃত্যুর হার বেড়ে যাওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চিকিৎসক রফিকুল ইসলাম।
পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘হামের প্রাদুভার্ব চলতি বছরের জানুয়ারি থেকে ছড়িয়ে পড়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বিগত নির্দলীয় সরকারের আমলে ভ্যাকসিন কেনার যে জটিলতা তৈরি হয়েছিল, সেই সমস্যার কারণেই হয়তো এই হামের প্রাদুর্ভাব। আবার যারা এই ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়নের সঙ্গে যারা জড়িত, তারা গত এক-দেড় বছর ধরে আন্দোলন করে আসছেন। তাদের আন্দোলনের কারণে কিংবা ভ্যাকসিন সংকটের কারণে এ ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়।
রফিকুল ইসলাম আরো বলেন, ‘সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত, ভ্যাকসিনেশন এনে এই কর্মসূচি কিভাবে সফল করা যায়, সেদিকে নজর দেওয়া। এখন দেখা যাচ্ছে, চার মাসের শিশুরাও হাম আক্রান্ত হচ্ছে। ৯ মাসের আগেই কেন এর প্রাদুর্ভাব হচ্ছে, তা নিয়ে গবেষণার দিকে দৃষ্টি দিতে হবে।’
হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই—উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, ‘এটি নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এ রোগ একজনের থেকে ১০-১৫ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।





