বেলাবোতে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কের উপর প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর নামক স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কবির হোসেন (৪৫) খামারেরচর গ্রামের আব্দুল হাই মিয়ার বড় ছেলে। তিনি বারৈচা বাজারে এলপি গ্যাস ও পুরাতন গাড়ির ব্যবসা করতেন।
স্বজনরা জানায়, কবির প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ঠিক করার জন্য গ্যারেজে যান। পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকেই সেখানে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর আকস্মিক হামলা চালালে দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে চলে আসেন কবির।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা চাপাতি, দাঁ, ছুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে বলে জানায় তারা।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে, তা জানা যায়নি। আসামী গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ মাঠে নেমেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





