ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবককে
ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবককে
যশোরের ঝিকরগাছায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নয়ন হোসেন (২৪) নামে এক বাকপ্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন টাওরা উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও মৃত হানিফের ছেলে আশা (২০)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিহতের ভাই সুজন সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার বিকালে স্থানীয় খেলার মাঠে যুবকরা ফুটবল খেলছিলেন। খেলার মধ্যে ল্যাং মারাকে কেন্দ্র করে পানিসারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার গোলাম সরোয়ারের ছেলে বকুল বিপক্ষ দলের মেহেদীকে মারপিট করে। এ ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারি হয়। পরে শনিবার রাতে মীমাংসার জন্য শালিস হওয়ার কথা ছিল।
কিন্তু তার আগেই সন্ধ্যার দিকে মেম্বর সরোয়ার ও তার দুই ছেলে বকুল ও জাহিদ ধারালো দা দিয়ে নয়নকে কুপিয়ে জখম করে। এ সময় জহুরুল ও আশা ঠেকাতে গেলে মেম্বর তাদেরকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নয়ন ও জহুরুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। স্বজনরা রাত আটটার দিকে নয়ন ও জহুরুলকে জরুরি বিভাগে আনে। এসময় চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে ডা. অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে নয়নের মৃত্যু হয়েছে। তার গলায় ও বুকে কোপানোর ক্ষত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পানিসারা ইউনিয়নের চেয়ারম্যান নওশের আলী জানিয়েছেন, মেম্বর সরোয়ারের লোকজন বাকপ্রতিবন্ধী ছেলে নয়নকে কুপিয়ে হত্যা করেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, নয়নকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের আটকের পুলিশ চেষ্টা করছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





