বগুড়ায় খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু
ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হলেও পরে তারা পুলিশ প্রটেকশনের গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী আব্দুল বারী স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন থেকে জয়পুরহাটে ফিরছিলেন। তাদের গাড়ির সামনে পুলিশ প্রটেকশনের একটি গাড়ি ছিল। গোপীনাথপুর এলাকায় ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। এ সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি রাস্তায় পড়ে যান। এতে তার ডান পা ভেঙে যায়।
ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে মন্ত্রীর গাড়িটি রাস্তার ডান পাশে খাদে পড়ে যায়। এতে মন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের সদস্যরা এগিয়ে এসে মন্ত্রী ও তাঁর স্ত্রীকে উদ্ধার করেন। পরে পুলিশ প্রটেকশনের গাড়িতে করে তাঁরা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
এদিকে, দুর্ঘটনায় আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
কুড়িগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক
পুলিশের সামনেই নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল
স্ত্রী ও দুই সন্তানসহ ‘নিখোঁজ’ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস





