avertisements 2

চাচা বেশি উইড়েন না, বিএনপি নেতাকে ‘অদৃশ্য মুসাফিরের’ চিঠি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ আগস্ট,শনিবার,২০২৬ | আপডেট: ০৩:৩২ এএম, ৯ আগস্ট,রবিবার,২০২৬

Text

সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ‘ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? বেশি উইড়েন না। এমন হুমকিসংবলিত চিঠির সঙ্গে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল ও সাবান রেখে আশুলিয়া বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ আগস্ট) ভোরে আশুলিয়ার জামগাড়া এলাকায় ইসমাইল হোসেন মোল্লার বাসার সামনে একটি বাজারের ব্যাগে এসব রেখে যায় তারা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

হত্যার হুমকি প্রাপ্ত ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড জামগড়া ও বেরন থেকে ইউপি সদস্য পদপ্রার্থী।


পরিবারের সদস্যরা জানান, শনিবার ভোর ৫টার দিকে বাসার সামনে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন ইসমাইল। সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি রয়েছে। পরে বিষয়টি আশুলিয়া থানায় জানানো হয়।

চিঠিতে ইসমাইলকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না।
জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দেবে, নিজেও বুঝতে পারবেন না।’

চিঠিতে আরো বলা হয়েছে, ‘ভালোবেসে শেষ বিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম। যদি মনে হয়, নিজেদের সংশোধন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দেবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন।
চিঠির শেষে লেখা হয়েছে ‘ইতি, অদৃশ্য মুসাফির।’

ঘটনার বিষয়ে ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘এত দিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই, আজকে জানতে পারলাম আমার শত্রু আছে। আমি কোনো ব্যবসা করি না, আমার কয়েকটি বাড়ি আছে, ভাড়া পাই তাই দিয়েই চলি। কে বা কারা হুমকি দিয়েছে, বুঝতে পারছি না। আমি একজন নিরীহ মানুষ। তবে এই হুমকিতে আমি ভয় আমি পাই না। বিষয়টি জানিয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করেছে। এর ভেতর কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বিএনপি নেতার বাসার সামনে এসব রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

avertisements 2