avertisements 2

‘আড়াই কোটি টাকায় নিয়োগ’: ৭ দিনের মাথায় প্রত্যাহার মৌলভীবাজারের এসপি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মে,শনিবার,২০২৬ | আপডেট: ০২:৫৫ পিএম, ১৬ মে,শনিবার,২০২৬

Text

মৌলভীবাজার জেলার সদ্য নিয়োগ পাওয়া পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দফতরে যোগদান করতে বলা হয়েছে। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেখানে দাবি করা হয়, প্রায় আড়াই কোটি টাকার বিনিময়ে তাকে মৌলভীবাজারের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত অর্থ পরিশোধ না করায় বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

তথ্যমতে, রিয়াজুল ইসলাম পুলিশ সুপার হতে আড়াই কোটি টাকায় চুক্তি করেছিলেন একজন তদবিরকারীর সঙ্গে— গত ১৪ মে সামাজিক মাধ্যম ফেসবুকে এমন কথা ছড়িয়ে পড়ে। এসপি হওয়ার পর চুক্তি অনুযায়ী তিনি টাকা দিচ্ছিলেন না। এসপি রিয়াজুল ইসলাম তার এক আত্মীয়ের অ্যাকাউন্ট থেকে নিয়োগ পাওয়ার দুই দিন পর ৭ মে ২০ লাখ টাকা দেন। বাকি ২ কোটি ৩০ লাখ টাকা না দিয়ে নানা তালবাহানা করছেন। এ ছাড়া অভিযোগ আসে, এসপি রিয়াজুল বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আজীবন সদস্য। এ ঘটনা পুলিশ সদর দপ্তরের নজরে আসার পর তাকে ১৬ মে’র মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মো. রিয়াজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
 

আরও পড়ুন

avertisements 2