কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ মার্চ,শুক্রবার,২০২৬ | আপডেট: ০২:৩০ পিএম, ২৭ মার্চ,শুক্রবার,২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের কালাকচুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহহতদের মধ্যে চারজন খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদের বোনের পরিবারের সদস্য।
তারা হলেন, মাওলানা ফয়সাল আহমেদের বোন ঝর্না বেগম (৪০), ভগ্নিপতি আ. মমিন ( ৫০), ভাগ্নি লাবিবা (১৮) এবং ভাগ্নে সাইফ (৭)।
তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন গাড়ির চালক জামাল হোসেন। তিনি বরিশালের বাসিন্দা।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। এসময় মহাসড়কের কালাকচুয়ায় এলে চট্টগ্রামগামী স্টারলাইন বাস প্রাইভেকারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
চালক জামাল হোসেন এবং ভাগ্নে আবরারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক জামালকে মৃত ঘোষণা করেন। আবরার (১২) বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও সংকটাপন্ন।
ওসি আ. মমিন বলেন, প্রাইভেটকারে চালকসহ ৬ জন ছিলেন। ৫ জনই মারা গেলেন। ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে গেছেন। আমরা বাসটিকে আটক করেছি। নিহতদের মরদেহ স্বজনদের কাছে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।





