মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকিয়ে রেখেছিলেন ব্যবসায়ী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মার্চ,রবিবার,২০২৬ | আপডেট: ১০:৩২ পিএম, ৮ মার্চ,রবিবার,২০২৬
নাটোরের সিংড়ায় মাটিতে গর্ত করে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এই মজুদ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত রুবেল ইসলাম নামে এক তেল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের ভেতর মাটির নিচে বড় পানির ট্যাঙ্কি বসিয়ে সেখানে জ্বালানি তেল মজুদ করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। তল্লাশিকালে মাটির নিচে লুকানো ট্যাঙ্কি থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল পাওয়া যায়।
বেআইনিভাবে তেল সংরক্ষণের দায়ে সিংড়া থানার মোড় এলাকার ‘সততা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী রুবেল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত তেলগুলো দ্রুত সময়ের মধ্যে অনুমোদিত দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত রুবেল ইসলাম নিংগইন ভাটোপাড়া মহল্লার বেল্লাল হোসেনের ছেলে।
অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়েছি। পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তার তেল মজুদের অনুমতি থাকলেও নির্দিষ্ট নিয়ম না মেনে যত্রতত্র সংরক্ষণ করা হচ্ছিল। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।”





