সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ উদ্ধার ৫৫, আটক ৫
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার এবং ৫ জন মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। উদ্ধারকৃতদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাহারছড়া, শাহপরী ও টেকনাফ স্টেশন থেকে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহজনক নৌকা পালানোর চেষ্টা করলে তা ধাওয়া করে কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানিয়েছেন, আটক ও উদ্ধারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী
কিছু না পেয়ে বিছানার চাদর, হাঁড়ি-পাতিল নিয়ে গেল চোর
গাজীপুরে জুমার নামাজে মসজিদে জাল টাকা দান করতে গিয়ে আটক ১





