আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
সিলেটে বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাট মামলার অন্যতম আসামি ও পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল তাকে আটক করে।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদাপাথর লুটের ঘটনায় দায়ীদের ধরতে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় (মামলা নং-০৯, তারিখ-১৫/০৮/২০২৫) খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ দণ্ডবিধির ৩৭৯/৪৩১ ধারায় মামলা রয়েছে। এছাড়া কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় তার নামে মোট ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু, আটকা বহু শিক্ষার্থী
কক্সবাজারে পাহাড় ধসে এক রাতেই নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী





