রিকশা থামিয়ে শিক্ষিকাকে ছুরিকাঘাত, সাবেক স্বামী আটক
শিক্ষিকা রুনা খানমকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
ঝালকাঠিতে রুনা খানম (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী আতিকুর রহমান (৪০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক আতিকুরকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর আহত স্কুল শিক্ষিকাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে পরে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। আহত ওই নারী ঝালকাঠি পৌর এলাকার শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত আছেন। আতিকুর রহমান তার দ্বিতীয় স্বামী।
বিদ্যালয়ের সহকর্মীরা জানায়, ২০২১ সালে ১৮ জুলাই রুনার সঙ্গে আতিকুরের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে পরের বছর ১৫ জুন বিবাহ বিচ্ছেদ হয়। আতিকুর শহরের রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শহরের রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে রিকশাযোগে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে আতিকুর। পরে শিক্ষিকাকে অতর্কিত পেটে ও বুকের ৮টি স্থানে ছুড়ি চালান তিনি। রক্তাক্ত জখম হয়ে রুনা মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত হোসেন রক্তমাখা ছুড়িসহ আতিকুরকে আটক করেন। পরে সদর থানা পুলিশের একটি ভ্রাম্যমাণ দল ঘটনাস্থল থেকে আতিককে থানায় নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মেহেদী হাসান বলেন, 'রোগীর পেটসহ শরীরের ৮টি স্থানে জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার রক্তচাপ নিচে নেমে গেছে। তাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।'
শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বলেন, 'আহত শিক্ষিকা রুনার সাবেক স্বামী আতিকুর প্রায়ই তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।'
ঝালকাঠি থানার ওসি মে. নাসির উদ্দিন সরকার বলেন, 'ঘাতক আতিকুরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
বাবার বাড়ি থেকে নাস্তা কম নেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূরকে মারধর, ৯ দিন পর মৃত্যু
ছুটি বিতর্কে ভাইরাল ইউএনও,সেবা না পেয়ে ফিরছেন মানুষ





