avertisements 2

বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে প্রাণ হারালেন ঢাবি শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর,সোমবার,২০২৬ | আপডেট: ১২:৩৬ এএম, ৮ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬

Text

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় শেখ মিশা খাতুন (২৭) নামের এক তরুণী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ের পরীক্ষক (রসায়ন) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ মিশা খাতুনের মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা থেকে ঢাকায় আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তার অকালমৃত্যুতে বিএসটিআই পরিবার গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, মিশার মতো একজন তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মীর এভাবে অকালে চলে যাওয়া বিএসটিআই পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তিনি শেখ মিশা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার বাবা-মা, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।


শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। পড়াশোনা শেষে ২০২৫ সালে তিনি বিএসটিআইয়ের পরীক্ষক (রসায়ন) পদে যোগ দেন। চাকরির পাশাপাশি তিনি ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভাইভায় অংশ নিতে ঢাকায় আসার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।

এদিকে শেখ মিশা খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এক শোকবার্তায় ডাকসু জানায়, কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের স্বপ্ন ও ভবিষ্যৎকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫০তম বিসিএসের ভাইভায় অংশ নিতে ঢাকায় আসছিলেন তিনি। কিন্তু তার সেই যাত্রাই হয়ে উঠেছে জীবনের শেষ যাত্রা।

শোকবার্তায় আরও বলা হয়, একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় তরুণের এভাবে অকালে চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে।

ডাকসুর পক্ষ থেকে শেখ মিশা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি কামনা করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2