avertisements 2

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,শনিবার,২০২৬ | আপডেট: ০৬:০৯ এএম, ১৫ মার্চ,রবিবার,২০২৬

Text

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং-এর শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। হাতে করে কাপড় নিয়ে বাসায় ফেরার এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে এই ঘটনা ঘটে।

এ সম্পর্কিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, ব্যারিস্টার রুমিন ফারহানা হাতে বেশকিছু কাপড় কিনে বের হচ্ছেন। এ নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। মুহূর্তে স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।

স্ট্যাটাসটিতে তিনি লিখেন, 'আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগে ও বহুবার এমন অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু আজ এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। একজন সংসদ সদস্যকে এতটুকু সম্মান দেখানো উচিত ছিল তাদের পক্ষ থেকে।'

তিনি লিখেন, 'আমরা গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনব। কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাব না, এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তাহলে বিকল্প ব্যবস্থাও তো থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একটা ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা আর আস্থার উপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর। আমি মনে করি, গ্রাহকের ন্যূনতম সম্মান নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।'

এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মোবাইল ফোনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন,'ইফতারের পর ঢাকার উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শো-রুমে যাই। মায়ের জন্য চারটি কাপড় (ম্যাক্সি) কিনি। কাউন্টারে যাওয়ার পর সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে কোনো ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেয়। কর্তৃপক্ষ বলেন কাপড় ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। সেজন্য আমি প্রশ্ন তুলি, কেন কাপড়ের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে? অদ্ভুত কথা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আমি কাপড় নিয়ে চলে আসি।'

সংসদ সদস্য রুমিন বলেন, 'মায়ের জন্য কেবল আড়ং এ গিয়েছিলাম। কারণ মায়ের যে ম্যাক্সির মাপ সেটা আড়ংয়ের সাথে যায়। অন্য দোকানে মিল পাওয়া যায় না। সে কারণে আড়ংয়ে যাওয়া। না হলে আমি জীবনেও আড়ং এ যেতাম না। আমি নিজের জন্য কোনোদিনও আড়ং থেকে কাপড় কিনি না।'

এ ব্যাপারে জানার জন্যে রাজধানী উত্তরা জসীমউদ্দিন রোডের আড়ংয়ের শোরুমের টিএনটি নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোনটি রিসিভ করেননি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2