avertisements 2

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ সেপ্টেম্বর,শনিবার,২০২৬ | আপডেট: ০৩:৪২ পিএম, ১৯ সেপ্টেম্বর,শনিবার,২০২৬

Text

রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ বলছে, সবগুলো স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাত সোয়া ৯টার দিকে মগবাজার মোড় জামে মসজিদের পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হননি।

বাবুবাজার ব্রিজের নিচে রাত ৮টার দিকে একটি ককটেল বিস্ফোরণ হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. রবিউল। তিনি বলেন, একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান ফটকের বিপরীত পাশের সড়কেও জোড়া ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাত ১১টার দিকে বিটিভির প্রধান ফটকের বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণ হয়েছে, যেটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। আমরা এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।


এর আগে সন্ধ্যার পর রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইবাদুর রহমান নামের এক রিকশাচালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের মধ্যে ওই রিকশাচালক আহত হন। আহত ইবাদুরের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামে। তিনি মুগদার মান্ডা এলাকায় থাকেন।


সন্ধ্যায় প্রায় একই সময়ে ঢাকার মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ। এছাড়া দুপুরে জুমার নামাজের পর পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

রাত ১০টা ১৪ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, থানা সংলগ্ন এলাকায় একটি ফাঁকা বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর জুমার নামাজের আগে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। এসময় তারা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। একপর্যায়ে তারা গুলশান ও আশপাশ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান।

ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেল জব্দ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গুলশানে মিছিলের পর রাজনৈতিক মহলে সমালোচনার সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলেও উল্লেখ করেন। এমন পরিস্থিতিতে ১৬ সেপ্টেম্বর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ওসিকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এ ঘটনার এক সপ্তাহ পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2