এনএসডব্লিউ পার্লামেন্টে অস্ট্রেলিয়ান বাংলাদেশী ড. নার্গিস বানুর স্বীকৃতি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ এপ্রিল,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০৭:৩৩ পিএম, ৭ এপ্রিল,মঙ্গলবার,২০২৬
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট-এ আবারও সম্মানিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু। গত ২৪ মার্চ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে Blacktown এলাকার এমপি (Member of Parliament) ও পার্লামেন্টারি সেক্রেটারি স্টিফেন বালি তার বহুমুখী অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।
বক্তব্যে কমিউনিটি উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে ড. নার্গিস বানুর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অর্জন ও অবদান উল্লেখ করে বলা হয়, এসব কাজ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্যই নয়, বরং পুরো অস্ট্রেলীয় সমাজের জন্য অনুপ্রেরণার উৎস।
ড. নার্গিস বানুর এই স্বীকৃতি প্রবাসী বাংলাদেশিদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। তার এই অর্জন দেখায়—পরিশ্রম, দক্ষতা ও ইতিবাচক কাজের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সম্মান অর্জন সম্ভব।
উল্লেখযোগ্যভাবে, ২০১৩ সালে ড. নার্গিস বানু প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার ইস্যু তুলে ধরেন। সে সময় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনে সহায়তা করেন তৎকালীন মন্ত্রী এড হিউসিক।
এছাড়াও, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে আসছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সঙ্গে যুক্ত থেকে বৈশ্বিক পর্যায়ে ন্যায় ও মানবাধিকারের পক্ষে কাজ করছেন।
পার্লামেন্টে প্রদত্ত বক্তব্যে তার নিষ্ঠা, সাহসী অবস্থান এবং মানবিক উদ্যোগের প্রশংসা করা হয়। এসব গুণের কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন মহলে তিনি একজন সম্মানিত ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।





