avertisements 2

২ বছরে ইসরায়েল ছেড়েছেন ১৩৭০ চিকিৎসক, নেপথ্যে কী?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ সেপ্টেম্বর,সোমবার,২০২৬ | আপডেট: ০৯:১৩ পিএম, ৭ সেপ্টেম্বর,সোমবার,২০২৬

Text

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১ হাজার ৩৭০ জন ইসরাইলি চিকিৎসক দেশ ছেড়ে এক বছর ধরে বিদেশে অবস্থান করছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। 

গবেষণায় দেখা গেছে, এই সংখ্যা ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে বিদেশে চলে যাওয়া চিকিৎসকদের তুলনায় প্রায় দ্বিগুণ। ওই সময়ে ৭০৫ জন চিকিৎসক ইসরাইল ছেড়েছিলেন। 

এই গবেষণায় কোনো চিকিৎসক যদি বিদেশে যাওয়ার পর প্রথম বছরে ২৭০ দিনের বেশি থাকেন এবং পরবর্তী সময়ে টানা তিন মাসের বেশি ইসরাইলে না থাকেন তাহলে তাকে দেশত্যাগী হিসেবে ধরা হয়েছে।

গবেষণার অন্যতম লেখক ইতাই আটের বলেন, সরকারের বিভিন্ন নীতির কারণে দক্ষ ও উচ্চশিক্ষিত কর্মীদের দেশ ছাড়ার বিষয়ে অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন।

তিনি বলেন, এই প্রবণতা শুরু হয়েছিল সরকারের বিচারব্যবস্থা সংস্কারের উদ্যোগকে ঘিরে। পরে হামাসের ৭ অক্টোবরের হামলা, যুদ্ধ এবং সামরিক বাহিনীতে দায়িত্ব পালনকারী ও না করা ব্যক্তিদের মধ্যে বৈষম্যের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সি চিকিৎসকদের দেশত্যাগের বিষয়টিও উঠে এসেছে। সাধারণত এই বয়সি চিকিৎসকেরা বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণ শেষ করেন এবং নতুন প্রজন্মের চিকিৎসকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এতে দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ইসরাইল ছেড়ে যাওয়া চিকিৎসকদের প্রতি পাঁচজনে একজনের বয়স ৪৫ বছরের বেশি।

গবেষকদের মতে, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের এমনভাবে দেশ ছাড়ার প্রবণতা ইসরাইলের স্বাস্থ্যব্যবস্থার জন্য উদ্বেগজনক সংকেত।

তথ্যসূত্র: আল জাজিরা

বিষয়:

আরও পড়ুন

avertisements 2