নেপালে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল
নেপালে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষিতি/ ছবি: এপি-ইউএনবি
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত ১ হাজার ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানায়, বন্যার স্রোতে ভেসে যাওয়া কিছু মরদেহ ভারতের ভূখণ্ডেও পাওয়া গেছে। এখনো বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ। তাদের খোঁজে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে।
এদিকে, ভোটেকোশি ও ত্রিশুলি নদীর বন্যায় নিহত ব্যক্তিদের মরদেহ এখনো বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে।
রাসুওয়া থেকে নওয়ালপরাসি পশ্চিম পর্যন্ত আটটি জেলায় মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২০টি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। নওয়ালপরাসি পূর্বে পাওয়া গেছে ২১৬টি এবং নওয়ালপরাসি পশ্চিমে ১৬৯টি মরদেহ।
পুলিশের তথ্য অনুযায়ী, রাসুওয়ায় ৩৮টি, নুয়াকোটে ১০৩টি, ধাদিংয়ে ৫৬টি, গোরখায় ৬৫টি এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার হয়েছে। নারায়ণী নদীর স্রোতে ভেসে যাওয়া অন্তত পাঁচটি মরদেহ ভারতের ভূখণ্ডে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: বিবিসি বাংলা





