হামলা ঠেকাতে সিলেটের সব থানায় বসলো ‘মেশিনগান পোস্ট’
দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলামের ভাঙচুর-অগ্নিসংযোগের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ছয় থানায় এলএমজি (লাইট মেশিনগান) পোস্ট স্থাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে পুলিশ সদস্যরা এসব পোস্টে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন সিটি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।
তিনি বলেন, “কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। ভাঙচুর ও আগুন দিয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পদ নষ্ট করেছে।’’ “এই অবস্থায় এসএমপি’র আওতাধীন ছয় থানা, সব ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। প্রতিটি স্থাপনায় বালি ও মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে এলএমজি পোস্ট”, বলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। পরে হরতাল ডেকে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জায়গায় নাশকতা চালানোরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এছাড়া, সুনামগঞ্জের ছাতক থানায়ও ৩ এপ্রিল রাতে হামলা চালায় হেফাজত সমর্থকরা।
তাহের বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা জোরদার করতে সব থানা, ফাঁড়ি ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।” এছাড়া সিলেট জেলার ১১ থানায়ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের একটি সূত্র।





