ওবায়দুল কাদেরের আসনে মনোনয়ন চাওয়ার ঘোষণা দিলেন এমপি একরাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ১২:১৮ পিএম, ৭ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আসন থেকে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় একরাম চৌধুরী বলেন, ‘আমার বাড়ি কবিরহাট এ জন্য আমি অনেক বেশি গর্ব বোধ করি। এটা আমার হৃদয়। বাংলাদেশ আওয়ামী লীগের সিন্ধান্ত কী হবে আমি জানি না। তবে যদি আপনারা চান, আমি নোয়াখালী-৪ ও নোয়াখালী-৫ দুই আসন থেকে নমিনেশন চাইবো। বাকিটা প্রধানমন্ত্রী সিন্ধান্ত দেবেন। আপনারা যদি আমাকে নমিনেশন নেওয়ার জন্য অনুমতি দেন তাহলে আমাকে হাত তুলে দেখান।’
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকে বাবার পরে স্থান দিয়েছি। কিন্তু আপনি ধরে রাখতে পারেননি। আপনার আপন ভাই, তার কথায় আপনি আমাকে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে দিলেন। আপনি শুধু আমাকে বাদ দেন নাই। সারা নোয়াখালী আওয়ামী লীগ পরিবারকে তছনছ করে দিয়েছেন। আজকে যাকে তাকে আহ্বায়ক বানিয়ে দিয়েছেন। আহ্বায়ক হয়ে শুধু বহিষ্কার, বহিষ্কার। আরে কত বহিষ্কার করবেন।’
একরাম চৌধুরী বলেন, ‘কবিরহাটের মানুষ আমাকে নেতা বানিয়েছেন। আমার কী অপরাধ। আমাকে এভাবে অপমানজনকভাবে সরানো হলো। আমি নাকি ২৬টা খুন করছি, আমার ছেলে অস্ত্র নিয়ে চলে। কে এটা বলেছে আমি বলতে চাই না।’
এমপি একরাম আরও বলেন, ‘নিজ স্বার্থে যারা মিথ্যা কথা বলে বক্তৃতা দেয় আমি মনে করি- তাদের কাছে আর কবিরহাটের মানুষ যাবে না। যে লোক আমার সামনে বসত না, সেই লোক অসংখ্য বাজে কথা বলে। এতে আমি অসুস্থ হয়ে পড়ি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জিহান, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসি প্রমুখ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি
নির্বাচনি প্রচারণায় বিষোদগারের প্রতিযোগিতা
কিছু ছেলেপেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলে: মির্জা আব্বাস
রংপুরে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান : তারেক রহমান





