avertisements 2

জামায়াতের সেই নারী কর্মী জামিন মঞ্জুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ এপ্রিল,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০৯:০২ পিএম, ৭ এপ্রিল,মঙ্গলবার,২০২৬

Text

জামায়াতের নারী কর্মী বিবি সাওদা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার ভোলা পৌরসভা মহিলা জামায়াতের কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ দেন। পরে তিনি মুক্তি লাভ করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সংক্ষিপ্ত পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

গত রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেফতার করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওই ঘটনার পর সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির জাকির হোসাইনের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সেক্রেটারি হারুন অর রশিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেখানে মত প্রকাশের অভিযোগে কাউকে গ্রেফতার করা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই একজন নারী রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন নির্দেশের কথা বলা হচ্ছে।

জামায়াতের নেতারা জানান, বিবি সাওদার তিন বছর বয়সী একটি বাক্‌প্রতিবন্ধী সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয়েছে। তারা অবিলম্বে বিবি সাওদার মুক্তির দাবি জানান; অন্যথায় পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানান। বিষয়টি নিয়ে আজ জাতীয় সংসদের অধিবেশনেও আলোচনা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানান বিরোধী দলের নেতাকর্মীরা। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2