avertisements 2

অবশেষে বিতর্ক বক্তব্য নিয়ে মুখ খুললেন পপি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ১২:০৬ এএম, ২ সেপ্টেম্বর, বুধবার,২০২৬

Text

বাংলাদেশের নন্দিত নায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে গত প্রায় তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একপ্রকার নেতিবাচক মন্তব্যের ঝড় উঠেছে। একটি টেলিভিশন চ্যানেল পপির গত বছরের একটি বক্তব্যের সঙ্গে তার ছবি যুক্ত করে ফটোকার্ড আকারে নিজেদের পেজে প্রকাশ করার পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মন্তব্যের ঘরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই নিজেদের মতামত প্রকাশ করেন।

পপির সেই বক্তব্য ছিল—‘যতটুকু পাপ কামাইছি, সব ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব, আল্লাহ-খোদার নাম করে যাব।’ ব্যস, এতটুকুতেই শুরু হয় নানা ধরনের আলোচনা। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

পপি বলেন, ‘আমি কিন্তু আমার বক্তব্যে একটি বারের জন্যও বলিনি যে আমি চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান না? আমরা তো জেনে-না জেনে অনেক পাপ করি। সেসব পাপের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? তো আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আমার স্বামী-সংসার নিয়ে সুখে-শান্তিতে ভালো থাকতে পারি, সেটাতে তো অন্যায়ের কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমি তো একটি বারের জন্যও বলিনি যে সিনেমাতে অভিনয় করে পাপ করেছি। যে সিনেমা আমাকে এত যশ, এত খ্যাতি, এত সম্মান এনে দিয়েছে, যে সিনেমা থেকে আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি, যে সিনেমার কারণে আজও দর্শক আমাকে এত ভালোবাসেন—সেই সিনেমা কিংবা সিনেমাশিল্পকে নিয়ে আমি খারাপ কিছু বলব, নেগেটিভ মন্তব্য করব—প্রশ্নই আসে না।’

চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়েছেন পপি। তার ভাষায়, ‘আমি আমার চলচ্চিত্রকে এখনো অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। জীবনের প্রয়োজনে আমি আজ হয়তো দূরে আছি, কিন্তু ফেলে আসা দিনগুলো আমি ভীষণ মিস করি। বিয়ের পর একটি মেয়েকে তার স্বামীর কথা মতো চলতে হয়। আমার স্বামী আদনান আমাকে ভীষণভাবে আগলে রাখে। আমার একমাত্র ছেলে আয়াতকে নিয়েই আমার সময় কেটে যায়। আমার সুখের সংসার। আপনাদের সবার দোয়াতেই আমার এই সুখের সংসার।’

অভিনয়ের সময়ের সংগ্রামের কথাও স্মরণ করেন তিনি। পপি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করার সময় দিনের পর দিন রোদে পুড়ে, গরমে, বৃষ্টি-বাদলে অনেক কষ্ট করে শুটিং করেছি, টাকা রোজগার করেছি। অনেক কষ্টের পরে হালাল রোজগার করেছি। নিজের পরিবারকে লালন-পালন করেছি। তো যে চলচ্চিত্র থেকে আমার এতকিছু, সেই চলচ্চিত্রকে কোনো দিনই অসম্মান করে কিংবা অভিনয় পেশাকে অসম্মান করে আমি কিছু বলব না।’

অভিনয়ে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি পপি। তিনি বলেন, ‘অভিনয় থেকে আমি অবসর নেইনি। যদি কোনো দিন কোনো গল্প ভালো লাগে, হয়তো আমি অভিনয় করতেও পারি। আবার হয়তো আর অভিনয়ে নাও ফেরা হতে পারে। তবে সিনেমা প্রযোজনায় আসার ইচ্ছা আছে। ইচ্ছা আছে নিজের বায়োগ্রাফিতে অভিনয় করার। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।’

পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ডাইরেক্ট অ্যাকশন’। এরপর কয়েকটি সিনেমার কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে আর অভিনয়ে দেখা যায়নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2