যুক্তরাজ্যে একদিনের মধ্যেই ৬০০টির বেশি ফ্লাইট বাতিল
সংগৃহীত ছবি
এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সেবা প্রদানকারী সংস্থা ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেসের (এনএটিএস) প্রযুক্তিগত ত্রুটির কারণে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন বিমানবন্দরে দেখা দিয়েছে ব্যাপক ফ্লাইট বিলম্ব।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, হিথ্রো, গ্যাটউইক, ম্যানচেস্টার ও স্ট্যানস্টেডসহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এনএটিএস এক বিবৃতিতে তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ার কথা জানিয়েছে। সমস্যা সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে চলমান যাত্রাবিঘ্নের জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।
এডিনবার্গ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও এ প্রযুক্তিগত সমস্যার কারণে প্রভাবিত হতে পারে। আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরও জানিয়েছে, সেখান থেকে ছেড়ে যাওয়া এবং সেখানে অবতরণকারী ফ্লাইটগুলোতে বিঘ্ন ঘটছে।
এ ছাড়া লন্ডন লুটন ও বার্মিংহাম বিমানবন্দরসহ অ্যাবারডিন ও গ্লাসগো বিমানবন্দরেও ফ্লাইট বিলম্ব ও বাতিলের খবর পাওয়া গেছে।
ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, এনএটিএসের প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের ফ্লাইট পরিচালনাও ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে তারা কাজ করছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।





