আর ভদ্রতা নয়, অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের
ছবি: ট্রুথ সোশাল
ওয়াশিংটনের সঙ্গে স্থগিত আলোচনা নিয়ে ইরানকে ‘বুদ্ধিমান হওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে উদ্দেশ করে তিনি বলেছেন, তিনি আর ‘ভালো লোক’ থাকবেন না।
বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে নিজের একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি শেয়ার করেছেন ট্রাম্প, যার পটভূমিতে রয়েছে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য। ছবির ওপর বড় অক্ষরে ক্যাপশন লেখা-নো মোর মিস্টার নাইস গাই! (ভদ্র সাজার দিন শেষ!)
পোস্টে ইরানকে অভিযুক্ত করে বলেন, ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি পারমাণবিক বিরোধী চুক্তি স্বাক্ষর করতে হয়। তাদের শিগগির বুদ্ধিমান হতে হবে!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা যখন ভেস্তে গেল, ঠিক তখনই ট্রাম্পের এই হুমকি এসেছে।
যদিও ওয়াশিংটন বলছে যে তারা তেহরানের প্রস্তাব পর্যালোচনা করছে। তবে এটির পালে তেমন হাওয়া লাগেনি। হোয়াইট হাউস জোর দিয়ে বলেছে, ট্রাম্প ‘কোনো খারাপ চুক্তি করতে তাড়াহুড়ো করবেন না’ এবং ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না’।
গত কয়েক দিনে ট্রাম্পের অবস্থানে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে; কখনো তিনি কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সর্বশেষ এই পোস্ট তেহরানের ওপর চরম চাপ সৃষ্টির কৌশল।
গত ২৮ এপ্রিল ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে যুদ্ধকে দীর্ঘায়িত করে রেখেছে। তাদের মধ্যে টানা ৪০ দিন ধরে যুদ্ধ চলেছে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে।
চলতি মাসের মাঝামাঝি পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে সরাসরি আলোচনায়ও বসেছিল তারা। কিন্তু এতে কোনো সমাধান আসেনি। এখন দুই দেশ তাদের মধ্যে চুক্তি করার চেষ্টা করছে।
সর্বশেষ চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছে ইরান। তবে তারা বলেছে, আগে যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর তারা পারমাণবিক কার্যক্রম নিয়ে কথা বলবে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রস্তাব মানবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যেই এমন হুমকি দিয়ে বসেন তিনি।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন আর ভালো না হয়, প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর
ইরানের সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি সংকটে বন্ধের মুখে ভারতীয় বিমান পরিষেবা
আবারও পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এরপরই রাশিয়া সফর





