খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০৫:৫২ এএম, ৩ মার্চ,মঙ্গলবার,২০২৬
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।” মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান তাকে লক্ষ্য করে অন্তত দুইবার হামলার চেষ্টা করেছিল। তাঁর ভাষায়, “তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।” বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার অভিযোগের দিকেই ইঙ্গিত করছে, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
এদিকে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে যে ব্যাপক সামরিক হামলা শুরু করে, তাতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ইরানি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। এর পরপরই ইরান সরকার খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে।
আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল





