পদ্মা সেতু থানার প্রথম আসামি মই বেয়ে পলাতক কয়েদি
দুই বছর আগে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া এক কয়েদিকে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
আটক আবুবকর সিদ্দিক (৩৭) সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডীপুর এলাকার কেছের আলীর ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ ছিলেন তিনি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের থানার মিনাকান্দি চৌরাস্তা এলাকায় আবুবকর ঘোরাফেরা করছিলেন। ওই এলাকায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে।
“বকরের চলাফেরা সন্দেহজনক হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বকর কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তখন তাকে আমরা গ্রেপ্তার দেখাই। আবুবকর পদ্মা সেতু দক্ষিণ থানার প্রথম গ্রেপ্তারকৃত আসামি।”
তবে বকর ওই এলাকায় কেন গিয়েছিলেন তা এখনও বলতে পারেনি পুলিশ।
বকর ২০২০ সালের ৬ অগাস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়ে যান বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেল সুপার মো. আমিরুল ইসলাম জানিয়েছেন।
আমিরুল বলেন, “হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিল। পরে আপিল করলে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয় আদালত। ২০১২ সাল থেকে বকর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে মই বেয়ে পালিয়ে যান এই কয়েদি।” এজন্য সে সময় কারাগারের দুই কর্মকর্তা ও চার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
পালানোর ঘটনায় বকরের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার আটকের পর তাকে শরীয়তপুরের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৪ ঘণ্টা পর মানবিক বিবেচনায় সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন
চিন্ময় দাসের দ্রুত মুক্তির ব্যবস্থা নিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
মৃত্যুদন্ডের রায় শুনে জয় বাংলা স্লোগান পুলিশ সদস্যের, বললেন ‘এই রায় মানি না’
সাবেক স্পিকার শিরীন শারমিন হত্যা মামলায় কারাগারে





