avertisements 2

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ সেপ্টেম্বর, বুধবার,২০২৬ | আপডেট: ০২:৫৩ পিএম, ৯ সেপ্টেম্বর, বুধবার,২০২৬

Text

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছুঁইছুঁই করছে।

আজ বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের নতুন করে উত্তেজনা এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় নতুন হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে শঙ্কা আরও বেড়েছে। একই সময়ে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরও বাজারে উদ্বেগ বাড়িয়েছে।

চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে জ্বালানিটির দাম দ্রুত বেড়েছে। ৮ সেপ্টেম্বর ব্রেন্টের দাম ৯৯ ডলারের কাছাকাছি পৌঁছায়। তবে হরমুজ প্রণালি দিয়ে এখনো উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন অব্যাহত থাকায় এবং বিকল্প রপ্তানি পথ ব্যবহারের কারণে দাম এখনো ১০০ ডলারের নিচে রয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হলে কিংবা তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2