সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো, আজ কার্যকর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ডিসেম্বর,সোমবার,২০২৫ | আপডেট: ০৪:২২ এএম, ২৪ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৬
দেশে ব্যবহৃত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। চলতি মাসের জন্য লিটারে দুই টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ, যা সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
রবিবার (৩০ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।
এই লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ থেকে ২ টাকা বৃদ্ধি করে ১১৬ টাকায় পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।





