avertisements 2

অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মার্চ,শনিবার,২০২৬ | আপডেট: ০৭:০৯ পিএম, ২৮ মার্চ,শনিবার,২০২৬

Text

নেত্রকোনার কেন্দুয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে লাইসেন্স ছাড়া ও অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম।


অভিযান সূত্রে জানা যায়, রামপুর বাজারের ব্যবসায়ী এনায়েতুর রহমানের গুদামে ড্রামভর্তি বিপুল পরিমাণ পেট্রোল মজুদ রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার গুদাম থেকে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, জ্বালানি তেলের চলমান সংকটের সুযোগ নিয়ে তিনি কোনো প্রকার লাইসেন্স ছাড়াই এসব তেল অবৈধভাবে মজুদ করে চড়া দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিলেন।

ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইনে ১০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৮০০ লিটার পেট্রোল আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে সরকার নির্ধারিত মূল্যে ও পরিমাণ অনুযায়ী রামপুর বাজারে সাধারণ মানুষের মাঝে প্রকাশ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।


এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মো. রিফাতুল ইসলাম। তিনি জানান, জনস্বার্থে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2