avertisements 2

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ ফেব্রুয়ারী, বুধবার,২০২৬ | আপডেট: ০৬:২৪ এএম, ১৮ ফেব্রুয়ারী, বুধবার,২০২৬

Text

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী এ বার্তা জানান। দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসে এ চিঠি তুলে দেন।

তারেক রহমানকে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ‘এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের ওপর গভীর আস্থা এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে নেয়ার স্বপ্নের প্রতিফলন।’

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অত্যন্ত গভীর। দুই দেশের উন্নয়নের অগ্রাধিকারগুলোর মধ্যে দারুণ মিল রয়েছে, যা আগামী দিনে আমাদের সহযোগিতার মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’

তিনি কানেকটিভিটি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বহুমুখী ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মোদি উল্লেখ করেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই উন্নয়ন ও নিরাপত্তার জন্য সহায়ক শক্তি হতে পারে।

অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘আমি আপনাকে, ডা. জুবাইদা রহমান এবং আপনার মেয়ে জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2