লিবিয়ার আটককেন্দ্র থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি
লিবিয়ায় আটকে পড়া আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে তিন নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরানো হয়।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশিকে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। দীর্ঘদিন সেখানে আটক থাকার পর আইওএমের সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হয়।
দূতাবাস জানিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে সমুদ্রপথে বিদেশ যাওয়ার চেষ্টা করলে অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে মারা যান, নিখোঁজ হন কিংবা জিম্মি ও আটক হওয়ার ঝুঁকিতে পড়েন। আটক ব্যক্তিদের দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে থাকতে হয়।
এ অবস্থায় দালাল ও মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা না করতে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের শনাক্ত করা, কনস্যুলার সহায়তা দেওয়া এবং দেশে ফেরাতে দূতাবাস কাজ করছে। এ বিষয়ে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।
দূতাবাস আরও জানিয়েছে, বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক অন্য বাংলাদেশিদেরও দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ভূমধ্যসাগর দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু
বাংলাদেশিদের আকামা নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি
মালয়েশিয়ায় সহকর্মীদের মারামারিতে তিন বাংলাদেশি নিহত
ব্যাংকের নিরাপত্তা কর্মী সেজে ‘প্রতারণা’, নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার





