লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে বিক্ষোভ-ডিম নিক্ষেপ, আটক ৩
যুক্তরাজ্যের লন্ডনে সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর পূর্বনির্ধারিত সভাকে কেন্দ্র করে বিক্ষোভ ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ইস্ট লন্ডন মসজিদ–সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। এ সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন।
বিকাল থেকে রেস্তোরাঁর সামনে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং সেখানে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষেও তিনি পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।
বিক্ষোভ ও উত্তেজনার প্রেক্ষাপটে পুলিশ সদস্যদের অন্তত তিনজনকে আটক করতে দেখা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ইস্ট লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কে হাসনাত আবদুল্লাহকে ঘিরে পৃথক একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন তাঁদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। TV& Video Equipment
একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।
ভিডিওতে দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাগ্বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এ ঘটনার ধারাবাহিকতায় পরে এনসিপির এক সমর্থকের সঙ্গে শাহ শামীমের আরেক দফা উত্তেজনা সৃষ্টি হয়।
এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, সোমবার বিকালে এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেন।
এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, আওয়ামী লীগ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।
এই বিভাগের আরো খবর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই প্রবাসী নিহত
লেবাননে ইসরাইলি হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী নিহত
ইতালিতে আপন ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, তদন্তে বেরিয়ে আসছে রোমহর্ষক তথ্য





